গাজীপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

Spread the love

শহিদ সরকার, গাজীপুর।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরের বরিয়াবর দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে ধর্মীয় আলোচনা সভা, দোয়া মাহফিল ও বর্ণাঢ্য র‍্যালি। সৈয়দ গোলাম মাওলা রেজভীর তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ, মানবিকতা, শান্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

দিনব্যাপী আয়োজনে বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। পরে কয়েকশ’ গাড়িতে হাজার হাজার ভক্তের অংশগ্রহণে বের করা হয় বর্ণাঢ্য র‍্যালি। র‍্যালিতে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণের সময় ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য শান্তি, ন্যায়, মানবিকতা ও সম্প্রীতির অনন্য আদর্শ রেখে গেছেন। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করলেই ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।

বক্তারা আরও বলেন, বর্তমান সমাজে হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করতে মহানবী (সা.)-এর শিক্ষা ও আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। মানুষের প্রতি ভালোবাসা, অসহায়ের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ গোলাম মাওলা রেজভী, আউলাদ, বরিয়াবর পাক দরবার শরীফ এবং স্পোক্সপার্সন, দি অ্যাকর্ড ফর সলিডারিটি এন্ড কোহেশন। তিনি মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পরে র‍্যালিটি বরিয়াবর দরবার শরীফ থেকে বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত। এতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *