মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে কৃষি জমির শ্রেণি পরিবর্তন ও মাদক সেবনের বিরুদ্ধে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫টি মামলায় মোট ১ লাখ টাকা জরিমানা এবং ৪ মাদকসেবীকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বুধবার (১৫ জুলাই) উপজেলার তিরিয়া, নাগরী এবং মোক্তারপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা।
আদালত সূত্রে জানা যায়, নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে রিয়াজুল ইসলাম মোকলেছ (৩৮) যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বালু ভরাট করে কৃষি জমির শ্রেণি পরিবর্তন করছিলেন। এই অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক ৪টি মামলায় ৪ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, ১. মেহেদী হাসান (১৮), পিতা- মহিউদ্দিন, সাং- দক্ষিণ খলাপাড়া, দক্ষিণভাগ, বাহাদুরশাদী, কালিগঞ্জ, গাজীপুর। ২. রকিব হাওলাদার (২৪), পিতা- গিয়াস হাওলাদার, সাং- সাকসিরি, পো: সাকসিরি, থানা- রামপাল, জেলা- বাগেরহাট। ৩. মো: ইস্রাফিল (২২), পিতা- জয়নাল আবেদীন, সাং- সোনাপাতা, বানিয়াপাড়া, থানা- দেবীগঞ্জ, জেলা- পঞ্চগড়। ৪. আশরাফ হোসেন মন্টু (২৭), পিতা- মোশারফ হোসেন, সাং ও ইউনিয়ন- মোক্তারপুর, পো: সাওরাইদ, থানা- কালীগঞ্জ, জেলা- গাজীপুর।
অভিযান পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো: হায়াত্তুর রহমান এবং আদালত পরিচালনায় সহযোগিতা করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা জানান, কৃষি জমি রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের জনস্বার্থমূলক অভিযান ও মোবাইল কোর্টের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।