গাজীপুর প্রতিনিধি:
গত ৩ নভেম্বর ২০২৫ তারিখ ভোররাতে গাজীপুর আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের একটি এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের মূল উদ্দেশ্য ছিল এলাকায় সক্রিয় সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারী চক্রকে চিহ্নিত ও গ্রেপ্তার করা। গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার চিহ্নিত সন্ত্রাসী, জঙ্গি ও অপরাধী আস্তানায় এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রায় ৩টি বিদেশি পিস্তল, ৩টি দেশীয় অস্ত্র, ৪৩ রাউন্ড গুলি, এবং ৩টি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে গাজীপুর জেলা পুলিশ, র্যাব, এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা অংশ নেন। স্থানীয় জনগণও প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেন।
সেনাবাহিনী জানিয়েছে, কোনো ব্যক্তি বা দলের প্রতি পক্ষপাতহীনভাবে কেবলমাত্র দেশ ও জনগণের নিরাপত্তার স্বার্থেই এই ধরনের অভিযান পরিচালনা করা হয়। গুজব বা বিভ্রান্তিমূলক তথ্য প্রচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
অভিযান শেষে গাজীপুর আর্মি ক্যাম্পের পক্ষ থেকে এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। যারা তথ্য প্রদান ও সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে বলা হয়, ভবিষ্যতেও প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে শান্তি ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গাজীপুর জেলাকে অস্ত্র ও সন্ত্রাসমুক্ত রাখতে এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে তাদের অভিযান অব্যাহত থাকবে।