গাজীপুর কোনাবাড়ীতে ট্রাকচাপায় গার্মেন্টস শ্রমিক নিহত।
শাহিনুর ইসলাম শাহীন, কোনাবাড়ী (গাজীপুর)
গাজীপুরের কোনাবাড়ী ৭নং ওয়ার্ড কুদ্দুস নগর স্বাধীন গার্মেন্টসের সামনে ট্রাকচাপায় মোঃ আব্দুর রহিম (৩৫) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম স্বাধীন গ্রুপের একজন কর্মী ছিলেন। তিনি সাধারণ কিউ.আই. (Quality Inspector) পদে প্রিন্টিং বিভাগে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কাজ শেষে আব্দুর রহিম বাড়ি ফেরার পথে ঢাকা মেট্রো-ট ১৮-৮৬৯০ নম্বরের একটি ট্রাক স্বাধীন গার্মেন্টসের সামনে তাঁকে চাপা দেয়। এতে তার মাথা গুরুতরভাবে থেঁতলে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)
খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে। তবে ট্রাকের চালক ও হেলপার দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়।
এ বিষয়ে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে আটক করার চেষ্টা চলছে।
এদিকে, হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় সহকর্মী শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা দ্রুত ঘাতক ট্রাক চালককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্ট্যান্ডার গ্রুপের সামনেই ঘটনাটি ঘটে এবং দুর্ঘটনাস্থলে মুহূর্তেই জনসমাগম ঘটে যায়। এলাকাবাসী দুর্ঘটনায় নিহত শ্রমিকের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।