মো আবদুল করিম সোহাগ, সাভার (ঢাকা)
রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম গত কয়েক মাস ধরে উঁচু। মাছ, মুরগি, চাল, সবজি থেকে শুরু করে ডাল, আটা ও তেলের দামে সাধারণ মানুষের পকেটে টান পড়ছে। আজ শুক্রবার সাভার বাজার ও গেন্ডা বাজারে ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারী বৃষ্টি ও সরবরাহ ঘাটতির কারণে বিশেষ করে সবজির দাম বেড়েছে।
বাজারে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১৮০ টাকা, আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০-৩০০ টাকায়। এক ডজন ডিমের দাম ১৪০ টাকা। মাছের বাজারেও দাম চড়া—তেলাপিয়া ২২০-৩০০ টাকা, পাঙাশ ১৮০-২৫০ টাকা, কই ২৪০-২৮০ টাকা এবং রুই মাছের দাম কেজিতে ৩৫০-৪০০ টাকা।
চালের বাজারে মিনিকেট চালের দামও ক্রেতাদের নাগালের বাইরে। ডায়মন্ড, মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট চাল প্রতি কেজি ৮০ টাকা, রশিদ ৭২ টাকা এবং মোজাম্মেল মিনিকেট ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া গত এক মাসে আটা, মসুর ও মুগ ডালের দাম বেড়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, খোলা সয়াবিন তেলের দাম লিটারে ২ টাকা বেড়ে ১৭২-১৮০ টাকা এবং দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেড়ে ৭০-৭৫ টাকা হয়েছে।
সবজির বাজারে দামের ঊর্ধ্বগতি ক্রেতাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাভার বাজারে বাসিন্দা সাকিব হাসান বাজার থেকে এক কেজি করে বেগুন, করলা, চিচিঙ্গা ও পেঁপে কিনতে গিয়ে খরচ করেছেন ৩২০ টাকা। আরেক ক্রেতা রানা জানান, “আগে এক হাজার টাকায় এক সপ্তাহের বাজার হতো, এখন দেড় হাজার টাকাতেও সপ্তাহ পার করা কঠিন। চার পদের সবজি কিনতেই ৩০০ টাকা শেষ!”