স্ত্রীর পরকীয়া ও পারিবারিক নির্যাতনের অভিযোগে স্বামীর আত্মহত্যা

Spread the love

স্ত্রীর পরকীয়া ও পারিবারিক নির্যাতনের অভিযোগে স্বামীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীতে পারিবারিক নির্যাতন, আর্থিক সংকট এবং স্ত্রীর পরকীয়ার অভিযোগের জেরে আব্দুর রাজ্জাক (৩৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

বুধবার (০৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে পুঠিয়া উপজেলার শীলমাড়িয়া ইউনিয়নের পমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত আব্দুর রাজ্জাক ওই এলাকার বক্সু মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, যেখানে রাজ্জাক তার আত্মহত্যার জন্য স্ত্রী, বাবা ও ভাইকে দায়ী করেছেন। নোটে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে পরিবারিক নির্যাতন, আর্থিক অস্থিরতা, স্ত্রীর অবৈধ সম্পর্ক এবং পরিবারের চাপ তাকে গভীর মানসিক সংকটে ফেলে দেয়। নিজের সন্তানরাও নিরাপত্তাহীনতায় ভুগছিল বলে চিরকুটে উল্লেখ করেন তিনি। সুইসাইড নোটে আব্দুর রাজ্জাক লেখেন, তার বাবা ও ভাই প্রায়ই তার ওপর মানসিক চাপ সৃষ্টি করতেন এবং সন্তানদের সঙ্গেও সহিংস আচরণ করতেন। স্ত্রী’র পরকীয়া সম্পর্কে জানার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরিবারিকভাবে কয়েক দফা বৈঠক করে বিষয়টি সমাধানের চেষ্টা হলেও তিনি মানসিক যন্ত্রণার দুঃসহ পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারেননি। স্থানীয়দের ভাষ্য, কয়েক বছর ধরে পারিবারিক অশান্তি ও আর্থিক কষ্টে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সম্প্রতি পরিস্থিতি আরও অবনতি হলে তিনি একাকীত্বে ভুগছিলেন।

ঘটনার খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুইসাইড নোটসহ প্রয়োজনীয় আলামত জব্দ করে। এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আব্দুর রাজ্জাকের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।

আব্দুর রাজ্জাক তার শেষ চিঠিতে সন্তানদের ভবিষ্যৎ নিরাপত্তা ও সঠিক লালন-পালনের বিষয়ে সবার কাছে অনুরোধ রেখে যান। মর্মান্তিক এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *