সুন্দরগঞ্জে বিধবা নারীর গোয়ালঘর ও বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, থানায় মামলা গ্রহণের দাবি

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১২নং কঞ্চিবাড়ী ইউনিয়নের বাসিন্দা মোছাঃ মমতাজ বেগমের গোয়ালঘর ও বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

ভুক্তভোগী মোছাঃ মমতাজ বেগম জানান, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। তারা প্রকাশ্যে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার এবং ক্ষতিসাধনের হুমকি দিয়েছেন বলেও তিনি অভিযোগ করেন। অভিযোগ অনুযায়ী, গত ১ জুন ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে একদল ব্যক্তি তার গোয়ালঘর ও বসতঘরে আগুন দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে গোয়ালঘর, বসতঘর, গরু-ছাগলসহ বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে যায়। এতে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

এ ঘটনায় মোছাঃ মমতাজ বেগম সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে পূর্বে হুমকি প্রদানের ঘটনায় মোঃ মোশারফ হোসেন মিলন ও মোঃ হাফিজার রহমানের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অগ্নিসংযোগের ঘটনায় মোঃ নাজমুল হুদা, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মুসা মিয়া, মোঃ হাবিবুর রহমান, মোঃ দুলু মিয়া, মোঃ খোকন মিয়া, নাইজু বেগম, নাকি বেগম, মোছাঃ শিরিনা, শাহানাজ বেগম, খোদেজা বেগম, জামেলা বেগম, রেজিয়া বেগম ও রোজিনা বেগমের নাম অভিযোগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী বলেন, আমি একজন অসহায় বিধবা নারী। আগুনে আমার ঘরবাড়ি ও জীবিকার গুরুত্বপূর্ণ সম্পদ নষ্ট হয়ে গেছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে আগুনের ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এঘটনায় একাধিক প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্তকরণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *