সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি।
গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে জমি জবরদখল, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার ছয়ঘড়িয়া এলাকার মমতাজ বেগম।
লিখিত অভিযোগে মমতাজ বেগম দাবি করেন, স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসা জমি নিয়ে বিরোধের শিকার হচ্ছেন। অভিযোগে তিনি বলেন, অভিযুক্ত মিলনসহ কয়েকজন ব্যক্তি ওই জমি জোরপূর্বক দখল করে এবং বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য একাধিকবার বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি। একপর্যায়ে জমিতে গিয়ে দখল বুঝে নেওয়ার চেষ্টা করা হলে তাকে বাধা দেওয়া এবং হুমকি দেওয়ার অভিযোগও করেন মমতাজ বেগম।
অভিযোগকারী জানান, জমির মালিকানা ও ভোগদখল সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে রয়েছে। তিনি অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিরোধপূর্ণ জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগপত্রে উল্লেখিত জমির বিভিন্ন খতিয়ান ও দাগ নম্বরসহ মোট প্রায় ৬৩.৫০ শতক জমি নিয়ে বিরোধের কথা উল্লেখ করা হয়েছে।