সিলেটের মান্যবর পুলিশ কমিশনার এর সহায়তায় শিশু ফাইজা’র পূনর্বাসন

Spread the love

সাহাদাত হোসেন কামালঃ

অদ্য রাত ১০:০০ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন চৌহাট্টা পয়েন্টে এসএমপি’র মান্যবর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম মহোদয়, সিলেটস্থ সাংবাদিকবৃন্দের এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং করেন।

ব্রিফিংয়ে পুলিশ কমিশনার মহোদয় জানান, ফাইজা আক্তার মায়িশা (৮) নামের শিশুটির মা চার বছর আগে মৃত্যুবরণ করেছেন। বর্তমানে সে তার নানীর সাথে বসবাস করে এবং জীবিকার তাগিদে রাস্তায় ফুল বিক্রি করে। সম্প্রতি শিশুটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি সবার নজরে আসে। তিনি আরও বলেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর সিলেটের এক সমাজসেবী ভদ্রলোক ফাহিম আল চৌধুরী তাঁকে ফোন করে শিশুটির পড়াশোনা সহ যাবতীয় দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন এবং তাকে খোঁজে বের করার অনুরোধ জানান। এর প্রেক্ষিতে পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় শিশুটিকে খুঁজে বের করা হয় এবং অদ্য সাংবাদিকদের উপস্থিতিতে তাকে নিয়ে ব্রিফিং করা হয়।

পুলিশ কমিশনার মহোদয় বলেন, সিলেট নগরীতে এ ধরনের অনেক পথশিশু রয়েছে। সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিরা যদি এদের দায়িত্ব গ্রহণ করেন তাহলে সমাজ আরও সুন্দরভাবে গড়ে উঠবে। তিনি এ ধরনের মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান এবং বলেন, সিলেটকে আমি এজন্যই ভালোবাসি, কারণ এখানে অনেক মানবিক ও জনদরদী মানুষ বসবাস করেন।

এছাড়াও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার মহোদয় বলেন, সিলেট নগরীতে কোনো ছিনতাইকারী থাকবে না। ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *