শেরপুরে বিদ্যুৎ অফিসে হুমকির অভিযোগ

Spread the love

উসমান ফারুক-স্টাফ রিপোর্টারঃ

বিশ্বকাপের খেলা চলাকালে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে হামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা চেয়ে রোববার পুলিশ সুপার ও জেলার পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) কাছে চিঠি দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, শেরপুরের পাঁচ উপজেলায় মোট গ্রাহক সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ২৪৪ জন। প্রতিদিন প্রায় ৭০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ মিলছে মাত্র ৩৫ মেগাওয়াট। ফলে বাধ্য হয়ে পালাক্রমে লোডশেডিং করতে হচ্ছে। বিশ্বকাপের খেলা চলাকালে বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় বিভিন্ন এলাকা থেকে কর্মকর্তাদের মুঠোফোনে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মোঃ আখতারুজ্জামান জানান, রোববার সকালে খেলা চলাকালে নকলা ও ঝিনাইগাতী বিদ্যুৎকেন্দ্রে কিছু গ্রাহক হট্টগোল করেন। পাশাপাশি অনেকেই মুঠোফোনে হুমকি-ধমকি দিয়েছেন। এ কারণে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারসহ পাঁচ থানার ওসিদের কাছে চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, মূল সমস্যা বিদ্যুতের ঘাটতি। চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। তাই বাধ্য হয়েই লোডশেডিং করতে হচ্ছে।

শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, বিশ্বকাপের খেলা চলাকালে যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *