হাবিবুর রহমান (রিপোর্টার)
টাঙ্গাইলের মির্জাপুরে এক ব্যতিক্রমী ও আনন্দঘন আয়োজনের সাক্ষী হলো গ্রামবাংলা। হেলিকপ্টারে করে একই দিনে দুই নববধূকে ঘরে তুললেন প্রবাসী দুই সহোদর। এমন অভিনব বিয়ে ঘিরে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয় উৎসবমুখর আবহ।
ঘটনাটি ঘটেছে মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া ফতেপুর গ্রামে। গ্রামের মৃত নজরুল ইসলাম ও সেলিনা বেগমের দুই ছেলে—সিঙ্গাপুর প্রবাসী মোঃ সেলিম হোসেন ও কাউসার হোসেন—একই দিনে বিয়ে করে হেলিকপ্টারে করে নববধূদের নিয়ে আসেন নিজ বাড়িতে। বড় ছেলে মোঃ সেলিম হোসেন বিয়ে করেন মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ঘুগি গ্রামের আব্দুল আলম ও মোছাঃ আরছেরা বেগম দম্পতির কন্যা ইমু আক্তারকে। অপরদিকে ছোট ছেলে কাউসার হোসেন বিয়ে করেন ঢাকার ধামরাই উপজেলার আনোয়ার হোসেন তালুকদার ও মারজাহান বেগম দম্পতির প্রথম কন্যা আয়েশা আক্তারকে। গ্রামাঞ্চলে একই পরিবারের দুই ভাইয়ের একই দিনে হেলিকপ্টারে করে বিয়ে ও নববধূ আগমনের এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি। ফলে বিষয়টি এলাকায় ব্যাপক কৌতূহল ও আনন্দের জন্ম দেয়। বিকেল থেকেই ভাওড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে শতশত মানুষ ভাওড়া ফতেপুর গ্রামে ভিড় জমান হেলিকপ্টার ও নবদম্পতিদের একনজর দেখতে।
এ বিষয়ে ছোট ভাই কাউসার হোসেন দৈনিক নতুন ভোরের কণ্ঠ-কে জানান, আমি এবং আমার সহধর্মিণী দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্কের মাধ্যমে আজ পূর্ণতা পেলাম। আলহামদুলিল্লাহ। আমাদের দুই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। তিনি আরও জানান, দুই ভাই প্রায় চার বছর ধরে সিঙ্গাপুরে প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে আবারও কর্মস্থল সিঙ্গাপুরে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। হেলিকপ্টারে নববধূ আগমন, একদিনে দুই ভাইয়ের বিয়ে এবং আনন্দঘন আয়োজন—সব মিলিয়ে ভাওড়া ফতেপুর গ্রাম যেন পরিণত হয় এক টুকরো উৎসব নগরীতে। এই ব্যতিক্রমী বিয়ে নিয়ে এখনো এলাকায় চলছে আলোচনা ও প্রশংসা।