মির্জাপুরে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Spread the love

হাবিবুর রহমান (রিপোর্টার)

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক অভিযান চালিয়ে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া ও চামুটিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ভাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য চামুটিয়া গ্রামের ফরহাদ হোসেন (৫০) এবং ভাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শশধরপট্রি গ্রামের লতিফুর রহমান (৪৫)।

পুলিশ সূত্র জানায়, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেল গুরুতর আহত হন। এতে তার দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (মির্জাপুর আমলি আদালত)-এ একটি মামলা দায়ের করেন। মামলায় পুলিশ সদস্য, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তারকৃত দুইজনকে আটক করা হয়েছে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তারকৃতদের রোববার টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *