মো: ইব্রাহিম খন্দকার,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।
‘কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে ১৪৫১ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে নাগরী ইউনিয়নের কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই উপহার ও সহায়তামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ. কে. এম. ফজলুল হক মিলন, এমপি। ফেনী ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের মূল অনুষ্ঠানের সাথে সংযুক্ত হয়ে তিনি সরাসরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি-র সাথে ভার্চুয়ালি কুশল বিনিময় ও সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন। পরবর্তীতে কালীগঞ্জের মূল মঞ্চ থেকে প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলুল হক মিলন বলেন, “দেশের প্রতিটি মানুষের জীবনমান সার্বিকভাব উন্নত করাই আমাদের সরকারের প্রধান লক্ষ্য ও নির্বাচনী অঙ্গীকার। কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এ নীতিতে বিশ্বাস রেখে বর্তমান সরকার প্রান্তিক কৃষকদের সেবা একদম দোড়গোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। কৃষক কার্ড’ চালুর মাধ্যমে এখন থেকে কৃষি প্রণোদনা ও সরকারি সহায়তা সরাসরি প্রকৃত কৃষকদের হাতেই পৌঁছে যাবে, কোনো মাঝখানের মাধ্যম বা হয়রানির সুযোগ থাকবে না। উপজেলা প্রশাসনের এ আয়োজনে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল কবির ভূঁইয়া, মোঃ মুজিবুর রহমান এমপি, এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু এমপি, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহম্মেদ সিদ্দিকী, পুলিশ সুপার জসীমউদ্দিন পিপিএম (বার), জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান প্রমুখ।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ও উন্নয়ন রূপরেখার অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লকের চিহ্নিত ১৪৫১ জন তালিকাভুক্ত কৃষক-কৃষাণীর মধ্যে এ দিন প্রাতিষ্ঠানিকভাবে কৃষক কার্ড এবং আধুনিক নানা কৃষি উপকরণ বিনামূল্যে হস্তান্তর করা হয়। উপস্থিত কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং সময়োপযোগী এই পদক্ষেপের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।