মাহফুজ আহাম্মেদ মুন্না: বিশেষ প্রতিনিধি।
গাজীপুরের কালিয়াকৈরে প্রেমিকের বাসায় গিয়ে কয়েক দফা শারীরিক সম্পর্কের পর অতিরিক্ত রক্তক্ষরণে ১৮ বছর বয়সী এক তরুণীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক শান্ত পালকে (২৭) মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে নিহতের পরিবার ও স্থানীয়রা।
রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার সফিপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে নিহত তরুণীর বাবা বাদী হয়ে সোমবার (৫ অক্টোবর) কালিয়াকৈর থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত শান্ত পালকে আটক করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে আইনি প্রক্রিয়া শেষে গাজীপুর জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত তরুণীর বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার মধ্যপাড়া বাজার এলাকায়। অন্যদিকে আটক শান্ত পাল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল পালপাড়া গ্রামের বাসিন্দা। শান্ত পাল কালিয়াকৈর উপজেলার সফিপুর আহমদ নগর এলাকায় রাজ্জাক মিয়ার বাসায় ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
মামলার অভিযোগ ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে বিস্তারিতভাবে জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।