ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার মামলায় যুবক আটক

Spread the love

মাহবুবুর রহমান জিলানী:

গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও গাছা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এস এম মোমিনুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে দায়ের করা সাইবার ক্রাইম মামলায় শাহাদাত গাজী (৩২) নামে এক যুবককে আটক করেছে গাছা থানা পুলিশ।

আটক শাহাদাত গাজীর বাড়ি কুমিল্লা জেলার সোনাকান্দি গ্রামে। তিনি মৃত বিল্লাল হোসেনের ছেলে। বর্তমানে গাজীপুর মহানগরীর গাছা থানার উত্তর খালকুর মেম্বার বাড়ি রোডের আজিজ হাজীর বাড়ির একটি ভাড়াবাসায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।

মামলার অভিযোগকারী গাজীপুর মহানগর ছাত্রদলের নেতা আদিল মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে শাহাদাত গাজী ফেসবুকে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট করে আসছিলেন। সর্বশেষ গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমানকে নিয়ে ভিত্তিহীন তথ্য প্রচার করে তাঁর ব্যক্তিগত ও সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাইবার ক্রাইম আইনে মামলা দায়ের করা হয়েছে।

গাছা থানার তদন্ত কর্মকর্তা এসআই সুকান্ত জানান, মামলার পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত শাহাদাত গাজীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মামলার অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও আলামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কাউকে নিয়ে মানহানিকর, বিভ্রান্তিকর বা উসকানিমূলক তথ্য প্রচারের অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইনে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মামলার তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা আদালতে উপস্থাপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *