উসমান ফারুক-স্টফ রিপোর্টারঃ
শেরপুরের নালিতাবাড়ীতে পিকআপ ভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২২ জুন) ভোর ৬টার দিকে শহরতলী নয়ানিকান্দা গরুহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিক-আপসহ এসব মদ জব্দ ও জড়িতদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় গ্রামের সোরহাব আলীর ছেলে রুবেল মিয়া (৪৫), গোমরা গ্রামের সামসুল হকের ছেলে লাল চান (২৩) ও রাংটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর (২৩)।
পুলিশ জানায়, ভারতীয় মদ বহনকারী একটি পিকআপ আসছে এমন খবর পেয়ে নয়ানিকান্দা গরুহাটি এলাকায় চেকপোস্ট বসানো হয়। সন্দেহভাজন পিকআপ আসা মাত্রই তা থামানোর সংকেত দিলে এতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করে পিকআপে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।