আব্দুর রশিদ তারেক, নওগাঁঃ
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশি অস্ত্র ও ট্রাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এরআগে ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকার শহিদুলের ছমিলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার খোরশেদ মন্ডলের ছেলে আজাহার আলী (৪৫), জামাল মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম (৪৪), সাইদুর হোসেনের ছেলে সৈকত (৩০), নাসির উদ্দিনের ছেলে আবু হোসেন (৩৫), খোরশেদ মন্ডলের ছেলে হাসান (৩০), বগুড়া জেলার গাবতলী উপজেলার আনারুল হকের ছেলে রনি (৩২) ও মান্তেজারের ছেলে হামিদুল ইসলাম (৩২)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সদর উপজেলার সান্তাহার-নাটোর সড়কের রাত ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র, ট্রাক ও মালবাহী অন্যান্য যানবাহন নিয়ে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিয়ে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সাহাপুর এলাকার শহিদুলের ছ’মিলের সামনে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাতজনকে গ্রেফতার করা হয়। তাদের সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে যান।
এসময় আসামিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশি অস্ত্র, রেজিস্ট্রেশন বিহীন একটি ট্রাক, একটি মোটরসাইকেল, একটি ব্যাটারিচালিত অটোভ্যান ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।