দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত জনবল গঠনের ওপর বিশেষ জোর: কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Spread the love

মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের কর্মী, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

​র‍্যালি শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দুর্যোগকালীন পরিস্থিতিতে জীবন রক্ষা ও অগ্নিনির্বাপনের ওপর একটি মহড়া প্রদর্শন করেন। তারা দুর্যোগ মুহূর্তে নিজেদের রক্ষার্থে বিভিন্ন কৌশল ও কসরত প্রদর্শন করেন। ​মহড়া শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ। ​সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসা. নাহিদা খাতুন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা বিএনপির আহবায়ক মাস্টার হুমায়ুন কবির, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান আখন্দ, মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম বলেন, “বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ এলাকা। প্রতিটি দুর্যোগে এদেশের মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কবার্তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে এবং জনগণকে দুর্যোগ মোকাবিলায় সচেতন থাকতে হবে।” এ সময় তিনি ভূমিকম্প, বজ্রপাত ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত জনবল গঠনের ওপর বিশেষ জোর দেন।