দুর্দিনের বিশ্বস্ত সঙ্গীদের সাথে নিয়েই কালীগঞ্জের উন্নয়নে কাজ করব — এ কে এম ফজলুল হক মিলন

Spread the love

মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।

উৎসবমুখর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি’র উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. খালেকুজ্জামান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন।

​প্রধান অতিথির বক্তব্যে এ কে এম ফজলুল হক মিলন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন মানুষের কল্যাণের জন্য। সেই আদর্শকে ধারণ করে কালীগঞ্জের মানুষের মুখে হাসি ফোটাতে দল-মত নির্বিশেষে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। যে প্রতিশ্রুতি নিয়ে আমরা জনগণের ভালোবাসা পেয়েছি, বিএনপি সব সময় সেই প্রতিশ্রুতি রক্ষা করে মানুষের কল্যাণে কাজ করেছে। দেশের সকল ভালো কাজ, উৎপাদনমুখী রাজনীতি এবং সুষ্ঠু নির্বাচনে বিজয়ের পতাকা বিএনপিই উত্তোলন করেছে।

​তিনি আরও বলেন, শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার উৎপাদনমুখী রাজনীতি এবং আমাদের নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের যুগান্তকারী কর্মসূচি ও সিদ্ধান্ত যদি আমরা ধারণ করতে পারি, তবে অবশ্যই আমরা মানুষের কল্যাণে সর্বদা পাশে থাকতে পারব। আমাদের নেতা আছে, সরকার আছে—তাদের সাথে আলোচনা করে কালীগঞ্জের সার্বিক উন্নয়নে আমি সকলের পরামর্শ নিয়ে পথ চলব। আপনারা সুশৃঙ্খল নেতৃত্ব ও সঠিক পরামর্শ দিয়ে পাশে থাকবেন, আমি আপনাদের সাথে নিয়েই কালীগঞ্জের উন্নয়ন করব।

​বক্তব্যের প্রারম্ভে নেতাকর্মীদের পরিচয় করিয়ে দেওয়ার সময় সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুর ত্যাগ ও অবদানের প্রশংসা করে ফজলুল হক মিলন বলেন, বাবলু অত্যন্ত বিশ্বস্ত এক নেতা। গত ১৭ বছরের চরম দুর্দিনে সে আমাদের সাথে ছিল এবং দলীয় নেতা-কর্মীদের পাশে থেকে রাজপথে কাজ করেছে। তিনি দলের সকল স্তরের নেতাকর্মীদের এই আদর্শ ধারণ করে সুসংগঠিত থাকার আহ্বান জানান। ​আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠান শেষে দলটির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দেশবাসীর সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *