উসমান ফারুক-স্টাফ রিপোর্টার
নালিতাবাড়িতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়নে কনসালটেশন কর্মশালার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় শেরপুর জেলা তথ্য কর্মকর্তা মুহাম্মদ আবুল খায়ের কর্মশালায় সভাপতিত্ব করেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ, শেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এসএম মোহাইমোনুল ইসলাম প্রমূখ৷ নালিতাবাড়ীর কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরাও অংশ নেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় নালিতাবাড়ী উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষ মেঘমালায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তারা বলেন, টাইফয়েড একটি জীবানু-বাহিত রোগ। এটি পানি ও খাবারের মাধ্যমে মানবদেহে সংক্রমণ ছড়ায়। গত ১২ অক্টোবর থেকে নালিতাবাড়ী তথা সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের টাইফয়েড টিকা প্রদান শুরু হয়েছে। সারাদেশে স্কুল কলেজ মাদ্রাসায় বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়িত হবে।
উল্লেখ্য, ক্যাম্পেইনে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে একডোজ টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে জন্মনিবন্ধন সনদের তথ্য ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।