হাবিবুর রহমান (রিপোর্টার)
টাঙ্গাইলের সখিপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফাইলা পাগলার মেলা বন্ধে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেকোনো বড় ধরনের জনসমাগম ও দীর্ঘমেয়াদি উৎসব বর্জনের আহ্বান জানিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সখিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা।
এ সময় উপস্থিত ছিলেন, সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দীন, বাসাইল সেনা ক্যাম্পের সেনা কর্মকর্তাসহ সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার দাড়িয়াপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। যৌথ বাহিনী মেলা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে নির্বাচনকালীন সময়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মেলা বন্ধ রাখার নির্দেশনা প্রদান করে।
উপজেলা প্রশাসন জানায়, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।