গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নং যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী রাকিব উদ্দিন সরকার পাপ্পু টঙ্গীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও লিফলেট বিতরণ করেছেন।
সোমবার (৩ নভেম্বর) সকালে টঙ্গী সরকারি কলেজ, সফিউদ্দিন সরকার একাডেমি এবং কলেজ ও টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ পরিদর্শন করে তিনি শিক্ষক সমাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষকদের হাতে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের রূপরেখা ও ৩১ দফা কর্মসূচি সংবলিত লিফলেট তুলে দেন।
রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, শিক্ষক সমাজই জাতির আলোকবর্তিকা। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অনন্য। বিএনপি বিশ্বাস করে— শিক্ষকদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠা ছাড়া উন্নত বাংলাদেশ সম্ভব নয়।
তিনি আরও বলেন, আমরা বিএনপি সরকার গঠন করলে কলেজের সামনের মাঠটি সংস্কার করে দেওয়া ব্যবস্থা করবো এবং প্রতিষ্ঠান ও শিক্ষকদের পাশে চেষ্টা করব। ইনশাআল্লাহ। এ সময় ৫৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আজিজুল হক রাজু মাষ্টার, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ. মো সুমন, টঙ্গী কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান আরিফসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষকরা শিক্ষাখাতের বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।