টঙ্গীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পার্টি অফিস ভাঙচুর

Spread the love

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ এলাকায় পার্টি অফিস দখলকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে অন্তত কয়েকজন আহত হয়েছেন এবং একটি পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সাতাইশ এলাকায় সরকারি খাস জমিতে কয়েকজন বিএনপি নেতাকর্মী একটি পার্টি অফিস স্থাপন করেন। ওই অফিস থেকেই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হতো। তবে ওই অফিসের দখলকে কেন্দ্র করে একই দলের বেলাল গ্রুপ ও লসকর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত রাতে টঙ্গী পশ্চিম থানা এলাকার বেলাল ও তার অনুসারীরা ওই অফিসে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল লসকরসহ কয়েকজন আহত হন। এ সময় পার্টি অফিসটি ভাঙচুর করা হয়।

আহত মোজাম্মেল লস্কর বলেন, এই এলাকায় আগে বিএনপির কোনো অফিস ছিল না। পরে আমি ও আমার সহযোগীরা মিলেই অফিসটি তৈরি করি। নির্বাচনের পর বেলাল ও তার লোকজন রাতে এসে আমার ওপর হামলা চালায়। আমি আহত হয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে বেলাল খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান বলেন,বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *