নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দলের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রবিবার (৯ নভেম্বর ২০২৫) রাজধানীর শেরে বাংলা নগরস্থ “জিয়া উদ্যান”-এ জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্প অর্পণ, দোয়া, ফাতেহা পাঠ ও বিজয় রেলি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকা দক্ষিণ সিটির ডেপুটি মেয়র ও দলটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দলের সভাপতি মো. রায়হানুল ইসলাম রাজু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম উজ্জল।
এ সময় উপস্থিত ছিলেন দলটির ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক মুন্সী মো. সোলায়মান হোসেনসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও জাতীয়তাবাদী আদর্শের শক্তিশালী বিকাশ কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বলেন, জাতীয়তাবাদী চেতনা ও গণতন্ত্রের মূল ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজ তাঁর আদর্শকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দল এগিয়ে যাচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে।
অনুষ্ঠানটি ছিল বর্ণাঢ্য ও উদ্দীপনাময়। বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণের মাধ্যমে “জিয়া উদ্যান” প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।