মোঃ শাহ্ আলম সরকার, স্টাফ রিপোর্টার।
গাজীপুর মহানগর কোনাবাড়ী কাশিমপুর থানাধীন অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় কম্বল ও ভারতীয় জিরা জব্দ করেছে কাশিমপুর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত দুটি বাসও জব্দ করেছে পুলিশ।
শনিবার (০৩ অক্টোবর) ভোরে কাশিমপুর থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের আয়নাল মার্কেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় আয়নাল মার্কেট এলাকার ওয়াসিম এর বাড়িতে মজুদ করে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, এলাকার বাসিন্দা ওয়াসিমের বাড়িতে এসব কম্বল মজুদ রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে ওয়াসিমের সংশ্লিষ্টতা ও পণ্যের মালিকানা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।
পুলিশের দাবি, জব্দ করা ভারতীয় কম্বল ও জিরা হানিফ পরিবহন এবং সৌরভ রজনীগন্ধা পরিবহনের মাধ্যমে আনা হয়েছে। অভিযানে ওই দুই পরিবহনের দুটি বাস জব্দ করা হয়েছে এবং চারজনকে আটক করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এসব পণ্য পরিবহন ও মজুদ করা হয়ে থাকতে পারে। তাদের ভাষ্য, আয়নাল মার্কেটকে কেন্দ্র করে অবৈধ পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে আরও বড় কোনো সিন্ডিকেট সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
তবে স্থানীয়দের এসব অভিযোগের সত্যতা এখনো তদন্তে প্রমাণিত হয়নি। পুলিশও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানিয়েছে।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোল্লা খালিদ হোসেন জানান, জব্দ করা ভারতীয় কম্বল ও অন্যান্য পণ্যের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, অবৈধভাবে ভারতীয় পণ্য দেশে আনা, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ ও চারজন আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, তদন্তের মাধ্যমে পণ্যগুলোর প্রকৃত উৎস, সরবরাহকারী, পরিবহনকারী এবং সম্ভাব্য সিন্ডিকেটের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।