মো. কবির সরকার, কালিগঞ্জ (গাজীপুর)
গাজীপুরের কালীগঞ্জে একটি অভিযোগকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ আগস্ট) উপজেলার আউয়ালের মোড় এলাকায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের বক্তব্য তুলে ধরে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. ফারুক। তিনি অভিযোগ করেন, তাদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, যার ফলে পরিবারটি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার পাশাপাশি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসনের নিরপেক্ষ হস্তক্ষেপ প্রয়োজন।
মো. ফারুক আরও বলেন, যে জমি নিয়ে তাকে ‘ভূমিদস্যু’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, সেই জমির মালিক তিনি নন। এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, উক্ত জমি সংক্রান্ত বিষয়ে মহামান্য আদালতে দুটি মামলা হয়েছে এবং উভয় মামলায় তার বাবা বীর মুক্তিযোদ্ধা আউয়াল সাহেবের পক্ষে রায় প্রদান করা হয়েছে।
তিনি বলেন, তাদের পরিবার সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই সমস্যার সমাধানে বিশ্বাসী। তাই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।