কালীগঞ্জে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন ও পোনা মাছ অবমুক্ত করলেন এমপি ফজলুল হক মিলন

Spread the love

​মো: ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।

গাজীপুরের কালীগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ একাধিক উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. টি. এম. কামরুল ইসলাম এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন। সফরকালে প্রধান অতিথি উপজেলার পাঁচটি প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্মিত ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন: ​মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয় কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জুগুলী উচ্চ বিদ্যালয় জামালপুর রাজমোহন বিদ্যাপীঠ
​চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কে এম ফজলুল হক মিলন বলেন, একটি ছোট্ট সমাজ থেকেই বড় রাষ্ট্রের ভিত্তি তৈরি হয়। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের যুবশক্তি। একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন শুধু নতুন ভবন নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর একটি সমাজের ভবিষ্যৎ নির্ভর করে।

​শিক্ষার প্রকৃত মান নিশ্চিত করার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ভবনের সঙ্গে শিক্ষার কোনো সরাসরি সম্পর্ক নেই। ভবন পরিবেশ সহায়ক করে মাত্র, তবে প্রকৃত মান নির্ভর করে শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিকতা ও পরিশ্রমের ওপর। তিনি শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখতে পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।

বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রধান অতিথিকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। পরবর্তীতে বিকেলে সংসদ সদস্য বক্তারপুর ইউনিয়নের ফুলদী এলাকার বেলাই বিলে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করেন।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান আলম, আশরাফি হাবিবুল্লাহ, পৌর বিএনপির আহ্বায়ক হোসেন আরমান মাস্টার, সদস্য সচিব মোঃ ইব্রাহিম প্রধান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন স্বপন, আলহাজ্ব জাহাঙ্গীর কবির,বিএনপি নেতা খোরশেদ আলম কাজল, সালাউদ্দিন আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক বিপ্লব, সদস্য সচিব ইমরান হোসেন সৈকত এবং কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিমেল খানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী সব কর্মসূচি সম্পন্ন হয়।