মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর)
গাজীপুরের কালীগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা চত্বরে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম. ফজলুল হক মিলন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হুমায়ুন কবির।
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ৩০০ জন কৃষকের মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হবে। উপকরণগুলোর মধ্যে রয়েছে: গাছের চারা: ১,৫০০টি বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ চারা (লেবুর চারা সহ) জৈব সার: ৭,৫০০ কেজি সহায়ক উপকরণ: ১,৫০০টি বাঁশের খুঁটি
বীজ ও সার: গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, প্রয়োজনীয় রাসায়নিক সার ও অন্যান্য কৃষি সরঞ্জাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমানো, পরিবেশবান্ধব কৃষির বিস্তার এবং বৃক্ষরোপণের মাধ্যমে একটি টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতেই এ প্রণোদনা দেওয়া হচ্ছে। এ ধরনের সরকারি সহায়তা দেশের কৃষি উৎপাদন বাড়াতে এবং প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিন সুলতানা ও মাহফুজা আক্তার, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, সমবায় কর্মকর্তা আতাউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মনির উদ্দিন মোল্লাসহ স্থানীয় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।