মো: ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।
গাজীপুরের কালীগঞ্জে ভোক্তা অধিকার রক্ষা এবং অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ-প্রদর্শনের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার (৩১ আগস্ট, ২০২৪) কালীগঞ্জ উপজেলার খলাপাড়া ও বাসাইর বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আল-আমিন হালদার।
অভিযান সূত্রে জানা গেছে, খলাপাড়া এলাকায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ এর ৫২ ধারায় ‘সিয়াম বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড’কে ১টি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, বাসাইর বাজারে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ এর ৪০ (খ) ও (গ) ধারায় ২টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় ‘সবুজ মেডিকেল হল’-এর মালিক তাপস ধরকে (৩৩) ৩ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করার দায়ে ‘ভাই ভাই মেডিকেল হল’-এর মালিক জামিল আহম্মেদকে (৩৯) ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর বিএসটিআই-এর পরিদর্শক মহিউদ্দীন ওয়ারেছী এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর গাজীপুরের ঔষধ তত্ত্বাবধায়ক তানজিনা আফরিন। আদালত পরিচালনায় সহযোগিতা করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার জানান, জনস্বার্থে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।