কালীগঞ্জে সারের কৃত্রিম ও অবৈধ মজুদ: দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

Spread the love

মো: ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।

গাজীপুরের কালীগঞ্জে সারের মজুদে অনিয়ম ও তছরুপের দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার দোলান বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দোলান বাজারের সার বিক্রেতা প্রতিষ্ঠানগুলোতে স্টক রেজিস্টারের তথ্যের সাথে বাস্তবে সংরক্ষিত সারের পরিমাণের ব্যাপক গরমিল পাওয়া যায়। কাগজে-কলমে যে পরিমাণ মজুদ দেখানোর কথা, বাস্তবে তার চেয়ে অনেক বেশি সারের মজুদ রাখা হয়েছিল। সারের এমন অবৈধ ও কৃত্রিম মজুদের দায়ে ‘অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬’-এর ৬ ধারায় দুটি পৃথক মামলায় মোট ২,০০,০০০ (দুই লাখ) টাকা জরিমানা আদায় করা হয়।

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আল-আমিন হালদার।

​দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহ হলো ১. প্রকাশ ট্রেডার্স: স্টক রেজিস্টারের চেয়ে অতিরিক্ত সার মজুদ রাখায় প্রতিষ্ঠানের মালিক নির্মল দাস (৬০, পিতা: অমূল্য কৃষ্ণ দাস)-কে ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা করা হয়। ২. মেসার্স এস এস করপোরেশন: একই অপরাধে প্রতিষ্ঠানের মালিক শরীফ ভূঁইয়া (৩৪, পিতা: মৃত আবদুল কাসেম)-কে ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা করা হয়।

​অভিযান পরিচালনাকালে রাষ্ট্রপক্ষে প্রসিকিউশন সহায়তা প্রদান করেন এবং সার্বিক সহযোগিতা করেন স্থানীয় সরকারি কৃষি কর্মকর্তা, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও পুলিশ বাহিনীর একটি চৌকস দল।

​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আল-আমিন হালদার জানান, কৃত্রিম সংকট তৈরি বা নির্ধারিত নিয়মের বাইরে অতিরিক্ত সার মজুদ রেখে বাজারের শৃঙ্খলা বিনষ্ট করার কোনো সুযোগ নেই। জনস্বার্থে ও কৃষকদের সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *