কালীগঞ্জে মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

Spread the love

মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর)

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল (২ জুলাই) উপজেলার মুসুন্ডি ও ফুলদি এলাকায় পৃথক এই অভিযান চালানো হয়।
​আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা।

​অভিযান সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা লঙ্ঘনের অপরাধে দুই ব্যক্তির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামিদের কোনো প্রকার অর্থদণ্ড না দিয়ে সরাসরি কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার জাঙ্গালিয়া এলাকার তারিকুল ইসলাম শান্ত (২২) এবং ফুলদী এলাকার মোহাম্মদ জামিল হোসেন খান (৪৩)। তাদের উভয়কেই ০১ (এক) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

​ভ্রাম্যমাণ আদালতকে প্রসিকিউশন তৈরিতে সার্বিক সহযোগিতা করেন কালীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আল আমিন এবং আদালতের বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
​এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্তদের গাজীপুর জেলা কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *