মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অমান্য করায় এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার (১০ জুলাই, ২০২৬) উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়গাঁও উত্তরপাড়া এলাকায় মাদকবিরোধী এই অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের অপরাধে মোহাম্মদ জিয়াউদ্দিন (পিতা: মৃত শাহাবুদ্দিন, সাং- বড়গাঁও উত্তরপাড়া, নামের এক যুবককে আটক করা হয়। পরে আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) জনাব জাকিয়া সরওয়ার লিমা তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
তিনি বলেন ”মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান একটি নিয়মিত প্রক্রিয়া। উপজেলার কোথাও কোনো প্রকার মাদক সংক্রান্ত অপরাধ বরদাশত করা হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো: আয়ুবুল ইসলাম। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন সামসুন নাহার সিমু।
আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। যুবকের সাজা ঘোষণার পরপরই তাকে গাজীপুর জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া শুরু করা হয়।