মোঃ ইব্রাহিম খন্দকার,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি মামলায় মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রোববার (০৪ অক্টোবর) সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আল-আমিন হালদার-এর নেতৃত্বে উপজেলার ভাদাত্তী ও দড়িসোম এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, পণ্যের মূল্য তালিকা না থাকা এবং ভোক্তাদের সাথে প্রতারণামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় দড়িসোম এলাকার মৃত মোতালেব হোসেনের ছেলে মো: রাজু আহমেদকে (৪০) ৫,০০০ টাকা ও চুন্নু মিয়াকে (৪০) ৩,০০০ টাকা এবং দক্ষিণ ভাদাত্তী এলাকার মৃত মাজম আলীর ছেলে মো: রেজাউলকে (৪৫) ১০,০০০ টাকা জরিমানা করা হয়। ৩টি মামলায় আদায়কৃত মোট ১৮,০০০ টাকা তাৎক্ষণিকভাবে ডি সি আর (নং ৭২৫৫০৩-৭২৫৫০৫)-এর মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হয়।
অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার জানান, জনস্বার্থে ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে বাজার তদারকি আরও জোরদার করা হবে। মামলায় প্রসিকিউটর হিসেবে রাষ্ট্রপক্ষ এবং বেঞ্চ সহকারী হিসেবে মাহবুবুল ইসলাম দায়িত্ব পালন করেন।