মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।
গাজীপুরের কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো বড়গাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে ট্রাইব্রেকারে ভাগদী ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঘোড়াশাল ফুটবল ক্লাব।
মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার মুক্তারপুর ইউনিয়নের বড়গাঁও স্কুল মাঠে আয়োজিত এই ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় ছিল উৎসবের আমেজ। কালীগঞ্জ, গাজীপুর ও পার্শ্ববর্তী নরসিংদীসহ বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মাঠ চত্বর মুখরিত হয়ে ওঠে। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় উভয় দলই আক্রমণ ও প্রতিআক্রমণে সমান নৈপুণ্য প্রদর্শন করে। খেলার নির্ধারিত সময় শেষে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ৫-৩ গোলে ভাগদী ফুটবল একাডেমিকে হারিয়ে ট্রফি নিশ্চিত করে ঘোড়াশাল ফুটবল ক্লাব।
টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ সমাজ গঠনে এ ধরনের আয়োজন নিয়মিত চালিয়ে যেতে হবে। পরে তিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার। এছাড়া খেলার শুভ উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ফজলুল কবির জুয়েল। খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুক্তারপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষের সরব উপস্থিতিতে টুর্নামেন্টটি এক ঐতিহাসিক মিলনমেলায় পরিণত হয়।
উল্লেখ্য, জমজমাট এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ঘোড়াশাল ফুটবল ক্লাবকে প্রাইজমানি হিসেবে ১ লাখ টাকা এবং রানার্সআপ দল ভাগদী ফুটবল একাডেমিকে ৫০ হাজার টাকা আর্থিক পুরস্কার প্রদান করা হয়।