মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।
কৃষিকে আরও সমৃদ্ধ, পুষ্টিনির্ভর ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কালীগঞ্জের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
‘কৃষিই সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন ও উদ্যোক্তা তৈরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২০২৬ অর্থবছরে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (আইএফএডি) সমর্থিত প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান,
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন কালীগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোঃ মোশারফ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী। তিনি জানান, PARTNER প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টি সচেতনতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ ধরনের কংগ্রেস কৃষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করে কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কংগ্রেসে বক্তারা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টিবান্ধব কৃষি ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল চাষাবাদের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তাঁরা বলেন, কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষি খাতকে আরও টেকসই ও লাভজনক করা সম্ভব। দিনব্যাপী এই কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, ফিল্ড স্কুলের সদস্য, কৃষি উদ্যোক্তা এবং কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সফল কৃষক ও কৃষি উদ্যোক্তারা তাঁদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময় করেন। পাশাপাশি কৃষি প্রযুক্তি প্রদর্শন এবং বিভিন্ন ফিল্ড স্কুলের সফল কার্যক্রম উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারী কৃষকরা কৃষি ও কৃষকের উন্নয়নে নেওয়া নানা উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা হাসান আলী, কালীগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কৃষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং টেকসই কৃষি উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।