কালীগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় নিজ বাড়িতে অগ্নিসংযোগ ছেলেকে এক বছরের কারাদণ্ড ও জরিমানা

Spread the love

মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।

গাজীপুরের কালীগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় নিজ বাড়িতে অগ্নিসংযোগ করার অপরাধে মাছুম শেখ (৩৫) নামে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আল-আমিন হালদার।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মাছুম শেখ বালুয়াভিটা গ্রামের মৃত সফুর উদ্দিন শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত ছিলেন। ঘটনার দিন নেশাগ্রস্ত অবস্থায় তিনি নিজ বাড়িতে অগ্নিসংযোগ করলে তার মাতা অতিষ্ঠ হয়ে কালীগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহিত করে বিচার দাবি করেন। মায়ের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

​অভিযোগের সত্যতা পেয়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর ৩৬(৫) ধারায় একটি মামলা দায়ের করে আসামিকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. এমারত হোসেন। এতে বেঞ্চ সহকারী হিসেবে সার্বিক সহযোগিতা করেন মাহবুবুল ইসলাম।

​কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আল-আমিন হালদার জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের সামাজিক সচেতনতা ও প্রশাসনিক কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পরিবার ও সমাজের শান্তি রক্ষায় মাদকাসক্তদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *