কালীগঞ্জে ধর্মীয় অনুষ্ঠানে নির্বাচনী প্রচারণা, জামায়াত প্রতিনিধিকে জরিমানা

Spread the love

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে একটি ধর্মীয় অনুষ্ঠানে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে জামায়াতে ইসলামীর একজন প্রতিনিধিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট ও স্থানীয় সূত্রে জানা যায়, খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহান সাধু সেন্ট অ্যান্থনি উপলক্ষে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা সেন্ট অ্যান্থনি’স চার্চে শুক্রবার সকাল থেকেই হাজারো মানুষের সমাগম ঘটে। ধর্মীয় এই অনুষ্ঠানে অংশ নিতে আগত ও ফেরত যাওয়া মানুষের মধ্যে শুভেচ্ছা জানানো এবং পানি বিতরণের উদ্দেশ্যে জামায়াতে ইসলামী একটি ‘সেবা কেন্দ্র’ স্থাপন করে। অভিযোগ রয়েছে, ওই সেবা কেন্দ্র থেকে ধর্মপ্রাণ মানুষের হাতে পানির বোতল বিতরণের পাশাপাশি জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. খায়রুল হাসানের পক্ষে ভোট প্রার্থনা করেন দলটির নেতা-কর্মীরা। এতে ধর্মীয় অনুষ্ঠানের পরিবেশ ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টিকে আসন্ন সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়। অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলা শাখার আইনবিষয়ক কমিটির প্রধান ও নরুন এলাকার বাসিন্দা আইনজীবী লুৎফর রহমান প্রধানকে দুই হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে ধর্মীয় স্থান বা ধর্মীয় অনুষ্ঠান ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক প্রচারণা আইনত দণ্ডনীয় অপরাধ। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ভবিষ্যতেও কঠোর অবস্থান গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *