কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও

Spread the love

শাকিল হোসেন, কালিয়াকৈর, (গাজীপুর)

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম ফখরুল হোসেন।

রোববার (২৩ আগস্ট) বিদ্যালয়টি পরিদর্শনকালে ইউএনও বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে ইউএনও এ.এইচ.এম ফখরুল হোসেন বলেন, প্রতিটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর শিক্ষার অধিকার রয়েছে। তাদেরও সমাজের সবার স্নেহ, ভালোবাসা ও যত্ন নিয়ে বেড়ে ওঠার অধিকার রয়েছে। বিদ্যালয়ের পরিবেশ হতে হবে মায়ের স্নেহের মতো কোমল এবং বাবার ছায়ার মতো নিরাপদ ও নির্মল। কোমলমতি শিক্ষার্থীদের আদর, যত্ন ও ভালোবাসার সঙ্গে পাঠদান করা হলে তারা আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করবে এবং প্রকৃত জ্ঞান অর্জনে সক্ষম হবে। শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠ্যবই পড়ানো নয়; শিশুদের নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাও শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি আরও জানান, উপজেলার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ইউএনওর বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান শিক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *