সাজ্জাত সরকার মিল্লাত,
গাজীপুরের কাপাসিয়ায় আতাউর রহমান আতা (৬৩) নামে এক অটোরিকশা চালককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছেলের এই নির্মম হত্যাকাণ্ডের খবর শুনে শোকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তাঁর বৃদ্ধা মা-ও। একদিনে মা ও ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে কাপাসিয়ার বারীষাব ইউনিয়নের নরোত্তমপুর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আতাউর রহমান কাপাসিয়া উপজেলার বারীষাব ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চালার বাজার এলাকা থেকে কয়েকজন যাত্রী নিয়ে সনমানিয়া ইউনিয়নের উদ্দেশ্যে রিকশা নিয়ে রওনা হয়েছিলেন আতাউর রহমান। পথিমধ্যে নির্জন স্থানে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে এবং তাঁর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এদিকে বাড়িতে আতাউরের মৃত্যুর খবর পৌঁছালে তা সহ্য করতে পারেননি তাঁর মা। চরম মানসিক আঘাতে শোকে বিহ্বল হয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
এই দ্বৈত মৃত্যুর ঘটনায় এলাকার মানুষের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অটোরিকশা ছিনতাই ও হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে। খুব শিগগিরই আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।