আজ বিশ্ব মান দিবস, গাজীপুরে বিএসটিআই’র উদ্যোগে আলোচনা সভা

Spread the love

স্টাফ রিপোর্টার ।।

আগামী ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার বিশ্বব্যাপী উদযাপিত হতে যাচ্ছে ‘বিশ্ব মান দিবস (World Standards Day)’। পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর এ দিবসটি পালন করা হয়। এ বছর বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে — “Shared Vision for a Better World — Standards for SDGs”, যার ভাবার্থ হলো: সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মানের ভূমিকা অপরিসীম।

বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গাজীপুর ও জেলা প্রশাসন, গাজীপুর-এর যৌথ আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর সকাল ১০টা ৩০ মিনিটে গাজীপুরের ভাওয়াল সম্মেলন কক্ষে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) আহাম্মদ হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোঃ মোতাছেম বিল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুর।
দিবসটি উপলক্ষে পণ্যের মান, নিরাপত্তা ও টেকসই উন্নয়ন বিষয়ে সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরা হবে বলে জানিয়েছে বিএসটিআই কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *