গাজীপুর প্রতিনিধি
আওয়ামী লীগের ঘোষিত অবৈধ লকডাউন কর্মসূচিকে ঘিরে গাজীপুরে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই শহরের প্রধান সড়কগুলোতে জনসমাগম ও যান চলাচল ছিল তুলনামূলকভাবে সীমিত।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে লকডাউনের ঘোষণা দেওয়ায় অনেক দোকানপাট আংশিকভাবে খোলা থাকলেও ক্রেতা ছিল খুবই কম। কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা পরিবহন সংকটে ভোগান্তিতে পড়েন। এদিকে, আওয়ামী লীগের এ কর্মসূচিকে ‘গণতন্ত্রবিরোধী’ ও ‘অবৈধ’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে বিএনপি। সকালে টঙ্গী, চৌরাস্তা, ও জয়দেবপুর এলাকায় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল ও মহড়া করেন।
তারা বলেন, সরকারের এমন একতরফা কর্মসূচি জনগণের চলাচলের স্বাধীনতা হরণ করছে।
বিএনপির স্থানীয় নেতারা জানিয়েছেন, জনগণের পাশে থেকে তারা এই ‘অবৈধ লকডাউন’ প্রতিরোধে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ হারুন আর রশিদ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে দুপুর নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
শান্তিপূর্ণ মিছিল ও মহড়া উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন,সদস্য সচিব আসাদুজ্জামান নূর, পূর্ব থানা বিএনপি’র সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণ, যুবদল নেতা মোহাম্মদ আলী, শেখ মো. সুমনসহ হাজারো বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।