মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর)
আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্তদের সর্বোচ্চ নিরপেক্ষতা ও কঠোরতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.কে.এম ফজলুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অপরাধের প্রশ্নে দল-মত নির্বিশেষে প্রশাসনিক পদক্ষেপে কোনো সুপারিশ করা হবে না।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি ফজলুল হক মিলন বলেন, আমি নির্দ্বিধায় বলতে চাই—কোনো অন্যায় বা অবিচার, তা দলের লোক করুক কিংবা বাইরের কেউ, কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। প্রশাসনের তরফ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন, এ ক্ষেত্রে আমার বা দলের পক্ষ থেকে কোনো সুপারিশ থাকবে না। কেউ যদি সুপারিশ করতেও আসে, তবে আপনারা আরও কঠোর হবেন। প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, ভাল কাজ করতে গিয়ে অপ্রিয় হতে হলেও পিছপা হবেন না। অপারেশন চালাতে গিয়ে জবাবদিহি বা বদলির ভয় মনে রাখার কোনো কারণ নেই। যেকোনো ভালো কাজের পেছনে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।
মাদক নিয়ন্ত্রণের বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, শুধু আইনি পদক্ষেপে নয়, সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়। পুলিশ, সাংবাদিক, শিক্ষকসহ সমাজের সচেতন মানুষদের সঙ্গে নিয়ে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে নিয়মিত সভা-সেমিনার করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় সভায় বিশেষ বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. জাহাঙ্গীর আলম, কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে.এম নুরুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তারসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা কালীগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি যানজট নিরসন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন এবং চুরি-ডাকাতি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।