আইনজীবীর বাড়িতে আসামি পক্ষের হামলার অভিযোগ

Spread the love

উসমান ফারুক-শেরপুর

শেরপুর জেলার নালিতাবাড়ীতে আশরাফুল আলম নামে আইনজীবীর বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি ও বাড়ির টিনের বেড়া ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ধারালো দা, রড ও বাঁশের লাঠিসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে।

রোজ রোববার (৯ই নভেম্বর) বিকালে পৌরশহরের কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আইনজীবী আশরাফুল আলমের মা রাহিলা খাতুন নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ আশরাফুল আলম শেরপুর জেলা জজ আদালতের একজন আইনজীবী। তিনি নালিতাবাড়ী থানার কালিনগর গ্রামে সংঘটিত একটি হত্যা মামলায় বাদীপক্ষের মামলা পরিচালনা করছেন। মামলার কয়েকজন আসামি জামিনে বের হয়ে আশরাফুল আলমকে মামলা থেকে সরে দাঁড়ানোর জন্য বারবার চাপ ও হুমকি দিয়ে আসছিল। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে আসামি রফিকুল ইসলাম (৪৪), নবাব আলী (২২), বাবু মিয়া (২৪), সাদ্দাম মিয়া (৩০) ও মাতাব মিয়া (৪২) সহ পাঁচ জন মিলে হাতে ধারালো অস্ত্র দা, লোহার রড দেশীয় অস্ত্র কিরিচ ও বাঁশ নিয়ে তার বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা আশরাফুলকে খুঁজে না পেয়ে বাড়ির টিনের বেড়া ভাঙচুর করে। এ সময় আইনজীবীর স্ত্রী বাধা দিলে আসামিরা তাকে ধাওয়া করে। তিনি দৌড়ে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ
করে আত্ম-রক্ষা করে।আশরাফুল আলম খবর পেয়ে বিষয়টি নালিতাবাড়ী থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই আসামিরা পালিয়ে যায়। এ সময় কয়েকটি দেশীয় অস্ত্র ফেলে পালালে পুলিশ সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আইনজীবীর দাবি যারা হামলা করেছে, তারা একাধিক হত্যা মামলার আসামি। হামলার পর থেকেই তার পরিবার নিরাপত্তাহীনতা বোধ করছে। তিনি
পুলিশের কাছে দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তদন্ত চলমান, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *