অর্ধশতকের বেশি সময়েও পাকা হলো না মহিষমারীর গুরুত্বপূর্ণ রাস্তা

Spread the love

মোঃ সাকিব হোসাইনঃ

নাটোরের সিংড়া উপজেলার ৫ নং চামারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মহিষমারী গ্রামে প্রায় দশটি গ্রামের মানুষের চলাচল ও কৃষিপণ্যের পরিবহনের একমাত্র ভরসা একটি রাস্তা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অর্ধশতকেরও বেশি সময় ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তা আজও কাঁচা অবস্থাতেই পড়ে আছে। ধান, মাছ, পেয়ারা, কুলসহ নানান কৃষিপণ্য এই রাস্তার মাধ্যমেই বাজারে পৌঁছে যায়। অথচ বর্ষা মৌসুমে কাদা আর শুকনো মৌসুমে ধুলায় ভোগান্তির শিকার হন হাজারো মানুষ। এলাকাবাসীর দাবি—এত গুরুত্ব থাকা সত্ত্বেও রাস্তা পাকাকরণে সরকারি উদ্যোগ নেওয়া হয়নি কখনো।

এই ভোগান্তির প্রতিবাদ জানিয়ে সম্প্রতি দস্তনানগর থেকে মহিষমারী মৃধা পাড়া পর্যন্ত রাস্তা দ্রুত পাকাকরণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দুর্ভোগ সহ্য করছি। এখন আর সহ্য করা সম্ভব নয়। দ্রুত রাস্তা পাকাকরণ না হলে কৃষিপণ্য পরিবহন, চিকিৎসা সেবা ও শিক্ষা ব্যবস্থায় মারাত্মক সমস্যা দেখা দেবে।”

তবে আশার কথা হলো, বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ে সিংড়ার বিভিন্ন এলাকায় বহু রাস্তা, ঘাট ও কালভার্টের উন্নয়ন করেছেন, যা মানুষের মুখে মুখে প্রশংসিত হচ্ছে। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, মহিষমারীর এই অবহেলিত রাস্তার দিকেও তিনি বিশেষ দৃষ্টি দেবেন।

এলাকাবাসীর জোরালো দাবি—অবিলম্বে দস্তনানগর থেকে মহিষমারী মৃধা পাড়া পর্যন্ত এই ৬০ বছরের পুরনো অবহেলিত রাস্তা পাকাকরণ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *