মোঃ ইব্রাহিম খন্দকা, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।
গাজীপুরের কালীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে গাজীপুর প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কালীগঞ্জ উপজেলা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের আয়েশা মেমোরিয়াল হসপিটাল অ্যান্ড ডায়াবেটিকস্ সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সৈয়দ আহমদ কবির বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. জুয়েল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মালিক, পরিচালক, ব্যবস্থাপক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—কালীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার, বিসমিল্লাহ ডায়াগনস্টিক অ্যান্ড ট্রমা সেন্টার, শাপলা ডায়াগনস্টিক সেন্টার, নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার, জামিল চক্ষু হাসপাতাল, নুবহা জেনারেল হাসপাতাল,আয়েশা মেমোরিয়াল হসপিটাল অ্যান্ড ডায়াবেটিকস্ সেন্টার, উলুখোলা মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, পূর্বাচল ডায়াগনস্টিক সেন্টার, হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, শীলা পপুলার ডায়াগনস্টিক সেন্টার, নোভা ডায়াগনস্টিক সেন্টার, সেন্ট মেরিস ডায়াগনস্টিক সেন্টার এবং কালীগঞ্জ সেন্ট্রাল হসপিটাল।
সভায় বক্তারা বলেন, ‘আমরা সম্পূর্ণ নিবন্ধিত চিকিৎসক, নার্স ও দক্ষ ল্যাব টেকনিশিয়ান দিয়ে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনা করছি। সরকারের সব নিয়মকানুন মেনে স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।’ তবে লাইসেন্স ও অন্যান্য দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে চরম ভোগান্তির কথা তুলে ধরে বক্তারা বলেন, ‘পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, বর্জ্য ব্যবস্থাপনা, নারকোটিকসের ছাড়পত্র, টিন সার্টিফিকেট, বিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স এবং ডিজি হেলথ-এর লাইসেন্স পেতে অহেতুক নানা বিড়ম্বনার শিকার হতে হয়। এছাড়া একজন চিকিৎসক সবসময় তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে রোগীকে সুস্থ করে তোলার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, চিকিৎসাধীন অবস্থায় কোনো কারণে রোগীর অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটলে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের তদন্ত ছাড়াই “ভুল চিকিৎসায় মৃত্যু” বলে ক্লিনিক ও চিকিৎসকদের দায়ী করা হয়, যা অত্যন্ত দুঃখজনক।’
বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত ও কার্যক্রম গতিশীল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত নতুন লাইসেন্স প্রদান এবং সহজে নবায়নের জোর দাবি জানান বক্তারা।