কালিয়াকৈরে এক কিলোমিটার আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

Spread the love

মোঃ টিপু সুলতান, কালিয়াকৈর।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দারিয়াপুর বাজার সড়কের উন্নয়নকাজের অংশ হিসেবে এক কিলোমিটার আরসিসি (RCC) রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে একদিন বিশ্বের দরবারে অন্যতম মডেল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। এ সময় তিনি কালিয়াকৈরসহ তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন। তিনি জানান, নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে সড়ক উন্নয়ন, মসজিদ ও মন্দিরের অবকাঠামোগত উন্নয়নসহ নানা ধরনের উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসব উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নে স্থানীয় জনগণের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন। এ সময় তিনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে উপস্থিত জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা বিএনপি এবং বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

এক কিলোমিটার আরসিসি রাস্তা নির্মাণকাজ সম্পন্ন হলে দারিয়াপুর বাজার ও আশপাশের এলাকার মানুষের যাতায়াতব্যবস্থা আরও সহজ ও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।