মৌচাক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী ফাইজুল ইসলাম লিটন, চালিয়ে যাচ্ছেন সামাজিক ও মানবিক কার্যক্রম

Spread the love

শেখ ফরিদ, গাজীপুর।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৪ নম্বর মৌচাক ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ ফাইজুল ইসলাম লিটন বিভিন্ন সামাজিক, মানবিক ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

স্থানীয়দের সঙ্গে মতবিনিময়, উঠান বৈঠক, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে তিনি নিজের প্রার্থিতার কথা তুলে ধরছেন। মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, ওরশ মাহফিল, খেলাধুলা, হাটবাজার এবং গ্রামীণ সাংস্কৃতিক আয়োজনসহ ওয়ার্ডের বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণের কথা জানা গেছে। পাশাপাশি অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, মাদকবিরোধী কার্যক্রমে সম্পৃক্ততা এবং বিভিন্ন সেবামূলক উদ্যোগে আর্থিক সহযোগিতাও করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে উল্লেখ করা হয়েছে।

ফাইজুল ইসলাম লিটন আলেম-ওলামা, শিক্ষক, প্রবীণ ব্যক্তি, যুবসমাজ ও নারীদের সঙ্গে মতবিনিময় করছেন। তাঁর এসব কর্মকাণ্ডের বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশ নিচ্ছেন। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকার প্রত্যাশা করেন। একই সঙ্গে তাঁরা ৬ নম্বর ওয়ার্ডকে উন্নয়নমুখী, আদর্শ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করেন।

মেম্বার পদপ্রার্থী ফাইজুল ইসলাম লিটন বলেন, “আসন্ন ৪ নম্বর মৌচাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছি। এ জন্য সবার দোয়া ও সমর্থন কামনা করছি। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, জনগণের মূল্যবান ভোটে নির্বাচিত হলে ওয়ার্ডের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে দুর্নীতিমুক্ত, উন্নয়নশীল, মাদকমুক্ত ও আদর্শ ওয়ার্ড গড়ে তুলতে কাজ করবেন, ইনশাআল্লাহ।

আসন্ন নির্বাচনকে ঘিরে প্রার্থীদের তৎপরতার মধ্যে এলাকার উন্নয়ন, জনসেবা, স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়ে ভোটারদের প্রত্যাশাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নির্বাচিত জনপ্রতিনিধির কাছে স্থানীয়দের প্রত্যাশা—এলাকার সমস্যা চিহ্নিত করে সবার অংশগ্রহণে কার্যকর উন্নয়ন নিশ্চিত করা।