ননদ ভাবি ইভেন্টস এর উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক

Spread the love

মো আবদুল করিম সোহাগ, ঢাকা।

নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জের কদমতলী রয়েল পার্টি সেন্টারে এ মেলার উদ্বোধন করা হয়।
মেলায় পোশাক, হস্তশিল্প, খাবার, প্রসাধনীসহ বিভিন্ন ধরনের দেশীয় ও স্থানীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এতে মোট ৪৫টি স্টল স্থান পেয়েছে। মেলাটি চলবে ২২, ২৩ ও ২৪ অক্টোবর পর্যন্ত।

ননদ ভাবী ইভেন্টসের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশের স্বনামধন্য ব্র্যান্ড প্রমোটর বারিশা হক। তিনি কেক কাটা ও ফিতা কাটার মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিয়ামনি ই-কমিউনিকেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব। এ ছাড়া উপস্থিত ছিলেন দিশামনি, ফুড ব্লগার মধুমিতা, মেকআপ আর্টিস্ট ইতি অ্যাঞ্জেল, আজরিন, রিয়াসহ বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিরা।

আয়োজক প্রতিষ্ঠান ননদ ভাবী ইভেন্টসের কর্ণধার জাফরিনা জাহান প্রীতি ও সুমাইয়া আক্তার স্বর্ণা জানান, নারী উদ্যোক্তাদের শক্তিশালী করা, নতুন উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণ করাই এ মেলার মূল লক্ষ্য। তারা আরও জানান, এ ধরনের আয়োজন উদ্যোক্তাদের নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলা এবং ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করে। এর মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের পণ্যের পরিচিতি বাড়ানোর পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ মেলায় দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে পণ্য দেখতে ও কেনাকাটা করতে পারবেন। একই সঙ্গে নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য সম্পর্কে জানার এবং তাঁদের উদ্যোগকে উৎসাহিত করার সুযোগ পাবেন দর্শনার্থীরা।