কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপিত: নজরুল ছিলেন সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক— এমপি ফজলুল হক মিলন

Spread the love

মো: ইব্রাহিম খন্দকার, ​কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে গাজীপুরের কালীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের ঐতিহ্যবাহী সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলন। ​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর কালজয়ী সাহিত্যকর্ম ও অসামান্য জীবনদর্শন নতুন প্রজন্মকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং মানবিক মূল্যবোধ ধারণ করতে চিরদিন অনুপ্রাণিত করবে। তিনি আরও বলেন, নজরুলের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী আদর্শ সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নজরুলের জীবন ও সাহিত্য নিয়ে চর্চা বাড়ানোর সুযোগ তৈরি করে দিতে হবে।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলামের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মার্টিন পেরেরা ও আমেনা খাতুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.জাকির হোসেন, উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার এবং সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার উজ্জল প্লাসিড পেরেরা।

​এছাড়াও অন্যান্যের মধ্যে উপজেলা সমবায় অফিসার আতাউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম সুমন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে পরবর্তীতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। শেষে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন অনুষ্ঠিত হয়।