কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: বিশৃঙ্খলাকারীদের সতর্ক করলেন ফজলুল হক মিলন এমপি

Spread the love

​মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।

​গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন বলেছেন, বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না। দেশের শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে ছিল এবং আগামী দিনেও রাজপথে থাকবে।

​পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা, পৌরসভা, বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি ফজলুল হক মিলন।

​সমাবেশে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান আলম, আশরাফী হাবিবুল্লাহ, খাইরুল আহসান মিন্টু, কালিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফুর রহমান, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হোসেন আরমান মাস্টার, সদস্য সচিব ইব্রাহিম প্রধান সহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।

​প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলুল হক মিলন বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিল, তখন নিষিদ্ধ ঘোষিত দল ও তাদের সহযোগীরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, যানবাহনে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা দেশের স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত করতে চায়। ​দলীয় নেতাকর্মীদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা বিগত ১৭ বছর ধরে চরম জুলুম-নির্যাতন সহ্য করেছে। তারা ব্যবসা-বাণিজ্য করতে পারেনি, নিজের বাড়িতে ঘুমাতে পারেনি। কিন্তু আমরা আজ সবকিছু ভুলে গিয়ে শান্তির স্বার্থে কালীগঞ্জকে শান্ত রেখেছি।

​দুষ্কৃতকারীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে গাজীপুর-৫ আসনের এই সংসদ সদস্য বলেন, এখন যদি আপনারা কারও উস্কানিতে কালীগঞ্জে নাশকতার চেষ্টা করেন, তবে আপনাদের কর্মের ফল আপনাদেরই ভোগ করতে হবে। কালীগঞ্জের জনগণ কোনো বিশৃঙ্খলা চায় না। এত কিছুর পরও কেউ শান্ত পরিবেশ বিনষ্ট করতে চাইলে তার পরিণতি ভালো হবে না, তখন আমাদের আর কিছুই করার থাকবে না। ​তিনি স্পষ্ট জানিয়ে দেন, দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের নিরাপত্তায় যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি কালীগঞ্জের সচেতন জনগণ সর্বদা ঐক্যবদ্ধ থাকবে।